
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বিজ্ঞানভিত্তিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটা ও প্রস্তুত এবং জবাই পরবর্তী পরিবেশ বান্ধব বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর, যশোর এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় যশোর শহরাঞ্চলের ৩০জন পেশাদার কসাইকে দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার এর সভাপতিতত্বে এ কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কল্যাণ কুমার ফৌজদার উপ পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগ, যশোর।
উপস্থিত ছিলেন যশোর সদরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপনেশ্বর রায় এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পা মনোরমা রিছিল।
আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এখন প্রয়োজন ভোক্তাদের জন্য নিরাপদ ও হালাল মাংস সরবরাহ নিশ্চিতকরণ ও পরিবেশ দূষণরোধে পশু উৎপাদন থেকে মাংস প্রস্তুত, বিপণন ও জবাই পরবর্তী বর্জ্য অপসারণ পর্যন্ত সকল পর্যায়ে বিজ্ঞানভিত্তিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করা।
প্রশিক্ষণে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা, জবাইয়ের পূর্বে পশুর সুস্থতা নিশ্চিত হওয়া, পশুর সাথে সর্বোচ্চ মানবিক আচরণ করা, গুণগত মানসম্পন্ন চামড়া উৎপাদনে পশুদেহ হতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণে সঠিক পদ্ধতি অনুসরণ করা ও পরিবেশ বান্ধব বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার উপর বিশেষ জোর দেওয়া হয়।
উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে যশোরের সদর ব্যতীত সকল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর (৭) কর্তৃক আরও ১১১ জন কসাইয়ের প্রশিক্ষণদান ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
























