ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী সেপ্টেম্বর শেষে আরেকটি বন্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সরকার। আগামীতে আর বন্যা হবে কি না এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন, ‘আবহাওয়া অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদ পূর্বাভাস দিয়েছেন— এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে আরেকটি বন্যা হতে পারে। অক্টোবর-নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে।’

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২০) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এক সংবাদ সম্মেলনে চলমান বন্যার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন উপস্থিত ছিলেন।

এবারের বন্যা ১৯৯৮ সালের বন্যার থেকে দীর্ঘস্থায়ী নয় জানিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৮ সালের বন্যা ছিল ৬৯ দিন, এবারের বন্যা ছিল ৪৬ দিন। আর ক্ষয়ক্ষতিও ১৯৯৮ সালের বন্যার চেয়ে এবার কম। ’৯৮ সালে প্রায় ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়েছিল। এবার আমাদের প্রায় ৩০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে।সরকারি মজুত আছে ১৩ লাখ মেট্রিক টনের উপরে। আট লাখ মেট্রিক টন থাকলে মনে করি নিরাপদ। আরও খাদ্য সংগ্রহের কাজ চলছে, এ মাসের মধ্যে ১৫ লাখে পৌঁছে যাবে।

এনামুর রহমান বলেন, এবার চার দফায় বন্যা হয়েছে। ২৬ জুন থেকে বন্যা শুরু হয়, এরপরে ১০ জুলাই দ্বিতীয় দফায় এবং ১৯ জুলাই তৃতীয় দফায় এবং চতুর্থ দফায় গত ১৮ জুলাই থেকে উপকূলীয় অঞ্চলে বরিশাল বিভাগের ছয়টি জেলা এবং সাতক্ষীরা জেলায় অতিরিক্ত জোয়ার, সমুদ্রের লঘুচাপ এবং উজানের পানির কারণে প্লাবিত হয়।