নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বিভিন্ন জায়গায় মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কিশোরগঞ্জসহ ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এবং আবহাওয়াবিদ মো: তরিফুন নেওয়াজ করিম এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: তরিফুন নেওয়াজ করিম বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, উত্তর-পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। অপরদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ,সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

পড়তে পারেন: দেশে ব্রাহমা মুরগির খামার, জোড়ার দাম ২৫ হাজার!

আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের স্থান সমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। শরীয়তপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

পড়তে পারেন: জানা গেলো সিলেটে ভয়াবহ বন্যার ‘কারণ’

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাদারীপুর ৯৬ মিলিমিটার।

আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১২ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

এগ্রিকেয়ার/এমএইচ