
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: করোনাকালের সকল রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ভারতে । গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় সংক্রমিত হলেন ৭৫,৭৬০ জন। এর আগে ৭০ হাজারের কাছাকাছি কিংবা তারও কম থাকলেও হটাৎ এই বিস্ফোরণ আকারের সংক্রমণ হয়েছে।
টানা ২১ দিন ধরে দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। গত কাল ২৭ আগস্ট ২০২০ আন্তর্জাতিক সমীক্ষায় দেশে মোট কোভিড-আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছিল।
আজ ২৮ আগস্ট ২০২০ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানেও ওই অঙ্ক পেরোনোর পাশাপাশি ভারতে কোভিডে মোট মৃত্যু ৬০ হাজার পেরোল। তবে স্বাস্থ্য মন্ত্রক জোর দিয়ে বলেছে, দেশে কোভিড থেকে সেরে ওঠা মানুষের মোট সংখ্যা আজ ২৫ লক্ষ পেরিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজারেরও বেশি। সুস্থতার হার ৭৬.২৪ শতাংশে পৌঁছেছে। তাৎপর্যপূর্ণ হল, পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার হার জাতীয় হারের চেয়ে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরোও পড়ুন: করোনায় দেশে ২৪ ঘন্টায় প্রাণ গেল প্রায় অর্ধশত
করোনা হয়েছে, জ্বর নেই, উপসর্গও নেই! করণীয় কি?
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই হার ৭৯.১০ শতাংশ। অসমের হারও ওই একই। শীর্ষে দিল্লি, ৯০ শতাংশ। তার পরে রয়েছে বিহার (৮৩.৮০), গুজরাত (৮০.২০) এবং রাজস্থান (৭৯.৩০)।
এই আক্রান্ত নিয়ে কেন্দ্রের বক্তব্য, এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা মোট আক্রান্তের মাত্র ২১.৯৩ শতাংশ। মোট অ্যাক্টিভ রোগীর চেয়ে সুস্থের সংখ্যা প্রায় ১৮ লক্ষ বেশি। গত ২৪ ঘণ্টায় আরও এক বার মৃতের সংখ্যা হাজার পেরোলেও সার্বিক মৃত্যুহার নিম্নমুখীই রয়েছে। এখন তা ১.৮৩ শতাংশ। অসমে মৃত্যুহার চোখে পড়ার মতো কম, ০.২৭ শতাংশ। তার উপরেই বিহার, গুজরাত, অন্ধ্র, ছত্তীসগঢ়। গত কাল থেকে সারা দেশে ৯.২৪ লক্ষের বেশি পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার সংখ্যা ৩.৮৫ কোটি।
করোনাকালের সকল রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত ভারতে শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
























