করোনা কাল কৃষিবিদ মো হামিদুর রহমান

এসেছে ভুবনজুড়ে মহাশত্রু মানুষের।
অকষ্মাৎ প্রাদুর্ভাব তার চীন দেশের উহান প্রদেশে।
শেষ ডিসেম্বর দুই হাজার ঊনিশে।

পরিচয়ে না জীব না জড়
কায়া নেই, ছায়া নেই,
নেই কোন দৃষ্টিগ্রাহ্য আকৃতি প্রকৃতি।
তবুও তারই ভয়ে আপাত জড়সড়-
দুনিয়াজুড়ে গৃহবন্দী
সাতশো কোটি মানুষের জাতি।

মানুষের অহঙ্কার-
উত্তরাধুনিক সভ্যতার বিপুল আবিষ্কার
রুখতে ব্যর্থ তাকে,
নিতান্তই অকার্যকর
এই অজ্ঞাতকুলশীল শত্রু বিনাশে।

মানুষেরই দেয়া নাম তার
কোভিড-১৯, নোবেল করোনাভাইরাস।
কী সুন্দর এই নাম!
হলিউডের নতুন নায়িকা যেন
বিশ্বময় ফেলিয়াছে সাড়া
প্রণয়-অভিনয়ে।

তার পছন্দের কোনো বাছবিচার নেই,
শতবর্ষী প্রবীণ কিংবা সদ্যোজাত শিশু,
নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ,
মানুষ পেলেই হল,- মত্ত হবে প্রেমে।
খুবলে খাবে শ্বাসতন্ত্র, ফুসফুস অবধি,
খাবে আরো মানুষের আয়ু- পরমায়ু।

তার করালগ্রাসে নিস্তব্ধ বিষণ্ন আজ বিশ্বচরাচর,
বেহাল চেহারা দেখি সভ্যতার প্রাণকেন্দ্র ইউরোপ-আমেরিকার।
সফেদ চাদরে ঢাকা সারিবদ্ধ মানুষের লাশ হাজারে হাজার,
অন্তিম শয়ানে শামিল অগ্যস্থযাত্রায়,
পিছু ফেলে পৃথিবীর মায়া, স্বজনের আর্তি হাহাকার।

মৃত্যু সে তো চিরন্তন- তার সাথে হবে আলিঙ্গন,
তাই বলে তুচ্ছ এই করোনার কাছে,
জীব শ্রেষ্ঠ মানুষের অসহায় আত্মসমর্পণ
কিছুতেই যায় না মানা- কক্ষণো নয়,
হেমিংওয়ে জেগে আছে মানুষেরই নিঃশ্বাসে বিশ্বাসে, “মানুষ মানে না পরাজয়” মানুষের এই বরাভয়ে শক্তি অপার।

একফোঁটা সাবানের পানি সইতে পারো না তুমি,
তবু কতনা অহংকার
মানব শক্তির ঘায়ে করোনা তোমার,
নিষ্ঠুর সংহার মূর্তি হবে ছারখার।
মানুষ থাকবে ঠিকই নবসৃষ্ট মানব ভুবনে,
ভালোবাসা, স্নেহ মমতায়।

আরও পড়ুন: দেশের কৃষির উপর করোনা পরিস্থিতির প্রভাব মোকাবিলায় করণীয়; কৃষিবিদ হামিদুর রহমান

কৃষিবিদ হামিদুর রহমান এগ্রিকেয়ার২৪.কম এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মূল দায়িত্বে রয়েছেন এপিএ এক্সপার্ট পুল সদস্য, কৃষি মন্ত্রণালয়ের। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান দেশের কৃষির উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।