
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা: কৃষক ও কৃষিবিদদের সহযোগিতার জন্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যৌথ উদ্যেগে একটি হটলাইন চালু করতে যাচ্ছে।
আজ সোমবার (১১ মে, ২০২০) কৃষিবিদ ইনস্টিটিউশনের এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক কৃষিবিদ এম এম মিজানুর রহমান।
আরও পড়ুন: করোনায় কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলায় ৬৪ কর্মকর্তা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামীকাল ১২ মে মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করা হবে। মাঠে কর্মরত কোন কৃষক, কৃষিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হলে হটলাইনে (হটলাইন নম্বর= ০৯৬০৪ ৩৩৩৪৪৪) যোগাযোগ করতে পারবেন।
প্রসঙ্গত, কৃষিখাত সচল রাখতে প্রধানমন্ত্রীর কাছে কেআইবি‘র ১৪ প্রস্তাবনা দেয়া হয়। এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন প্রস্তাবনাগুলো খুবই সময় ও যুগপোযোগী। কেননা এ সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া, এই হটলাইনটির মাধ্যমে সারা দেশের কৃষকেরা বা মাঠের কৃষি (ফসল, প্রানিসম্পদ ও মৎস্য) কাজের যাবতীয় সমস্যা সমাধান বা প্রয়োজনীয় পরামর্শ পাবেন। একটি বিশেষজ্ঞ প্যানেল এই মহৎ কাজটিতে নিয়োজিত থাকবেন।
করোনা: কৃষক ও কৃষিবিদদের জন্য হটলাইন চালু হওয়ায় অনেকেই এখান থেকে ভালো মানের সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে গদ বাঁধা হটলাইন যেন না হয় সেদিকেও ভালো মনিটরিংয়ের জন্যে পরামর্শ দিয়েছেন তারা। কেননা হটলাইনে অনেক সময়ে নম্বর ব্যস্ত থাকায় সমস্যার কথা তুলে ধরা সম্ভব হয় না।
























