নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাজারগুলোতে বেড়েছে ডিম-মুরগির দাম। গত এক সপ্তাহে ডিম-মুরগির দাম তেমন উঠানামা করেনি। তবে, সপ্তাহখানেক আগে ঈদের কারণে কমে যাওয়া ডিম-মুরগির দাম এখন বেড়েছে। পোল্ট্রি সংশ্লিষ্টরা বলছেন- কোরবানির ঈদের কারণে সাময়িক দাম কমলেও সপ্তাহখানেক সময়ের মধ্যে অনেকখানি বাড়ার জোরালে সম্ভাবনা রয়েছে।

মাসের শুরুর দিকে প্রতিকেজি ব্রয়লার ১২০ টাকা থেকে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি এক’শ লাল বাদামি ডিম ৯০০ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ৯৫০ টাকা এবং ৮২০ টাকা থেকে বেড়ে সাদা ডিম ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পড়তে পারেন: রাজশাহীতে প্রতিপিস ডিমের দাম ১৪ টাকা!

রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে লাখ লাখ টাকা লোকসান দিয়েছেন খামারিরা। তবে মাঝখানে দাম বাড়ায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। ব্রয়লার মুরগির দাম বাড়বে এটা ধারণা করছি। কারণ ঈদের মাংস শেষ হলেই বাজার আসবেন ক্রেতারা। সপ্তাহখানেক সময়ে দাম না বাড়লেও মাস শেষের দিকে বাড়বে।

কি দেখে দাম বাড়ার পূর্বাভাস দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, অনেকে পুুঁজি সংকটে বাচ্চা না কিনে খামার বন্ধ করে দিয়েছেন। প্রায় ৫৬ থেকে ৭০ শতাংশ খামার বন্ধ করায় বাজারে মাংসের যোগান কমে যায়। ফলে বাড়বে ব্রয়লার মুরগির দাম। আশার দিক গরু-খাশির মাংসের দাম বেশি হওয়ায় ঈদের পরেও ব্রয়লারসহ বিভিন্ন মুরগির দাম বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

পড়তে পারেন: ফের মোটা চাল-সয়াবিন তেল, পেঁয়াজ, ডিমের দাম বাড়তি

রাজশাহীর সাহেব বাজার এলাকার মুরগি ব্যবসায়ী রেজাউল করিম মিঠু বলেন, এখন যে পরিমান মুরগি বাজারে আসছে সবগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তবে বাজার অনেকটা ঢিল। বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা, লেয়ার ২৮০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা টাকা কেজি বিক্রি করছি। ঈদ করার জন্য ছাত্ররা বাড়িতে গেছে। ছাত্ররা ফিরলেই ব্রয়লার মুরগির দাম বাড়বে। মেসে ব্রয়লারের মাংস সবচেয়ে বেশি খায়। স্কুল কলেজের ছাত্ররা ফিরলে দাম আরো বাড়বে আশা করছি।

ডিম ব্যবসায়ী বাদলা এগ্রিকেয়ার২৪.কম কে জানান, লাল বাদামি ডিম ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পরিমানের উপর কিছু দাম কমবেশি হচ্ছে। পাইকারিতে বর্তমানে প্রতি এক’শ লাল ডিমের দাম ৯০০ টাকা এবং সাদা ডিম ৮০০ টাকা, দেশি মুরগির প্রতি হালি ৪ টি ডিমের দাম ৪৫ টাকা। খুচরা বাজারে একটু লাভেই বিক্রি করতে হয়।

খামারিদের সাথে কথা বলে জানা গেছে, খামার পর্যায়ে ব্রয়লার মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা। ঈদের আগে পাইকারিতে ১০০ টাকা কেজি হিসেবে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ