
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এ গরমের কারণ কি, কবে মুষলধারে বৃষ্টি হতে পারে সে বিষয়ে আশ্বাস দিয়েছে আবহাওয়াবিদরা।
গতকাল শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: মনোয়ার হোসেন জানান, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পড়তে পারেন: জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে এগ্রিকেয়ার২৪
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের সক্রিয় রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, প্রকৃতিতে বর্ষাকাল চললেও আকাশে যে পুঞ্জিভূত মেঘের অক্ষ সেটা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এ কারণে বাংলাদেশে বৃষ্টির দেখা নেই। এই অক্ষ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেলেই মুষলধারে বৃষ্টি সম্ভব।
এই আবহাওয়াবিদ আরোও বলেন, গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে, বৃষ্টির ঘনঘটা কম, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আকাশ মেঘমুক্ত একইসাথে প্রখর সূর্যকিরণ। সব মিলিয়ে অসহনীয় অবস্থা। এটা আরও দুইদিন সহ্য করতে হতে পারে। ভারী বৃষ্টি ছাড়া গরম কমবে না। দুইদিন পরেও ভারী বৃষ্টিপাত হবে কিনা সেটাও নিশ্চিত না।
বৃষ্টি প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাপপ্রবাহ বয়ে যাওয়ার অঞ্চল কিছুটা কমেছে। ঢাকায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টি হয়েছে। ফলে ঢাকা জেলা ও চট্টগ্রাম বিভাগ থেকে তাপপ্রবাহ আপাতত চলে গেছে। তা ছাড়া গতকাল বাতাস একটু বেশি থাকার কারণে লোকজনের মধ্যে গরম লাগার অনুভূতিও কিছুটা কমেছে। তবে রাজশাহী, রংপুর ও সিলেটের যে এলাকাগুলোয় তাপপ্রবাহ ছিল, সেখানে এখনো তা আছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ১৬ মিলিমিটার।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২১ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























