নিজস্ব প্রতিবেদক: উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় গুলাব’র সৃষ্টি হওয়ায় ইতিমধ্যে উপকূলসহ বিভিন্ন স্থানে ঝড়োহাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। তবে উপকূলে দমকাহাওয়াসহ ঝড় বৃষ্টি বেশি হতে পারে।

এদিকে সকালে দেয়া সমুদ্রবন্দরসমূহে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এখনো বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর এর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বর্তমানে ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্য রাতে ভারতের উত্তর অন্ধ প্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। তবে বাংলাদেশের ওপর বড় ধরণের প্রভাব না পরার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়া ও রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১৪ মি.মি.। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১ মি.মি.। পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সামান্য পরিবর্তন হতে পারে। তবে এখন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘গুলাব’ উপকূলসহ বিভিন্ন স্থানে ঝড় বজ্রবৃষ্টির শঙ্কা শিরোনামের সংবাদটির তথ্য আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।