নিজস্ব প্রতিবেদক: দেশের তিন বিভাগের একাধিক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকাসহ রাজধানীতে রোদের পাশাপাশি মাঝেমধ্যে বৃষ্টি নামতে পারে।

আজ মঙ্গলবার (৩ আগষ্ট) সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আজ সারাদেশে বড় ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী তিনদিনে আবহাওয়ার পরিস্থিতিতে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ১২৫ মি.মি.। পাশাপাশি কক্সবাজার, কতুবদিয়া, গোপালগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলেও বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম  বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়  অস্হায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায়  মাঝারী ধরনের ভারী থেকে  ভারী বর্ষণ হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিন বিভাগের একাধিক স্থানে বজ্রসহ বৃষ্টি শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার কৃষিসহ আবহাওয়ার যে কোনো তথ্য আমাদের লিখে জানাতে পারেন। আমরা তা দেশবাসীর কাছে তুলে ধরবো। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া আমাদের ফেসবুক পেজের ম্যাসাঞ্জারেও তথ্য পাঠাতে পারেন।

দেশের কৃষি সংবাদের ডিজিটাল সারথি এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে।