
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সাম্প্রতিক বন্যা দেশের ১৮টি জেলায় বিস্তৃতি লাভ করে। এ বছর বন্যায় সারা দেশে আনুমানিক ৮৬ হাজার ৮১২ কোটি টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
সাম্প্র্রতিক বন্যা, ক্ষয়ক্ষতি বিষয়ক পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত (সম্পূর্ণ) ফসলের আনুমানিক আর্থিক মূল্য ১ হাজার ২৫৮ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ১১২ টাকা এবং ক্ষতিগ্রস্ত (আংশিক) ফসলের আনুমানিক আর্থিক মূল্য ৫৫ হাজার ৯৫৭ কোটি ২১ লাখ ২০ হাজার ৫০৮ টাকা। ক্ষতিগ্রস্ত (সম্পূর্ণ) ঘরবাড়ি ৩৬৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা এবং (আংশিক) ১ হাজার ৩৫৫ কোটি ৩ লাখ ১০ হাজার ৫৫৫ টাকা।
পড়তে পারেন: কুড়িগ্রামে বন্যায় ভেসে গেছে ৫৩ কোটি টাকার মাছ
তিনি বলেন, ব্রিজ/কালভার্ট পাকা সড়ক, ইট নির্মিত সড়ক, কাঁচা সড়ক, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং বাঁধের সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে বন্যায় সারা দেশে ক্ষতি আনুমানিক ৮৬ হাজার ৮১১ কোটি টাকা।
বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে ১ এপ্রিল থেকে ২১ জুলাই পর্যন্ত ৭ হাজার ২০ টন চাল, ৯ কোটি ৪৪ লাখ নগদ টাকা, ১ লাখ ৪০ হাজার ১৩২ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার, শিশুখাদ্য ক্রয়ের জন্য ৪০ লাখ টাকা, গো-খাদ্য ক্রয়ের জন্য ৪০ লাখ, গৃহ মঞ্জুরি বাবদ ২ কোটি ৬১ লাখ টাকা এবং ৮ হাজার ৭০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।
এগ্রিকেয়ার/এমএইচ
























