নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির ও দুর্ভিক্ষের দেশ হিসাবে পরিচিত ছিল। কিন্তু এখন আর সেই পরিচিতি নেই। বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি নয়। বরং বাংলাদেশের ঝুঁড়ি খাদ্যে পরিপূর্ণ। এই বাংলাদেশে এখন কেউ অভুক্ত নেই, খাওয়ার কোন কষ্ট নেই।

গতকাল শুক্রবার (৫ মার্চ ২০২১) সন্ধ্যায় ঢাকার আফতাব নগরে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাব নগর) মিলন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ও মানুষের ক্রয় সামর্থ্য বৃদ্ধি পাওয়ায় মোটা চালের চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না। ওএমএসের চাল কিনে অনেকক্ষেত্রে নিজেরা না খেয়ে প্রাণিখাদ্যসহ অন্যান্য কাজে লাগায়।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাবনগর) সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহ মো: ফিরোজ এবং সদস্যসচিব খাদেমুল ইসলাম।

বাংলাদেশে এখন কেউ অভুক্ত নেই সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া।

এগ্রিকেয়ার/এমএইচ