
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় দিক নিয়ে রাজশাহীতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২০) সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) রাজশাহীর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাজশাহীতে সার ও বীজ সহায়তা পাচ্ছেন ২৫ হাজার কৃষক
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আয়োজনে বোরো ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনৃষ্ঠিত হয়। ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের বিসিএসআইআর পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ইব্রাহিম, রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয় রাজশাহীর প্রধান এবং প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. ফজলুল ইসলাম। এছাড়াও ডিএই, রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক খয়ের উদ্দিন মোল্লা । কর্মশালায় কৃষি সম্পসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি, বিএমডিএ, বীজ প্রত্যয়ন এজেন্সি ও বিভিন্ন এনজিও এবং কৃষক প্রতিনিধিসহ ১৫০ জন অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: রাজশাহীতে ১৮ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ স্থানীয়ভাবে চাষাবাদকৃত জিরা ধানের রোগ ও পোকা মাকড়ের আক্রমণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়ায় দ্রুত উক্ত জাতের বিকল্প উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কারের ওপর গুরত্ব আরোপ করেন। এছাড়াও তারা বোরো মওসুমে ব্রি ধান২৮ ও জিরা ধানে ব্লাস্ট রোগের আক্রমন বেশি হওয়ায় এর বিকল্প জাত উন্নয়ন বিশেষ করে ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।
এগ্রিকেয়ার / এমবি
























