
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দাফতরিক কাজ শুরু করলেন শ ম রেজাউল করিম। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২০) মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২০) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার মধ্যে দিয়ে তিনি মন্ত্রণালয়ের দাফতরিক কাজ শুরু করেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমি চাইব মন্ত্রণালয়ের যে গতি ও স্বচ্ছতা রয়েছে তাকে বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া’। ‘আমরা যেন কোনভাবেই কোন অনিয়ম না করি এবং কাজের গতি মন্থর হয়ে না পড়ে’ যোগ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘সবসময় একটা ক্রিয়েটিভিটি যেন আপনাদের মধ্যে থাকে, নতুন কিছু করার দৃষ্টি, আরও কিছু ভাল করার আগ্রহ যেন থাকে। গৎবাঁধা ফাইল আসলো সই করলাম, এটা থেকে বেরিয়ে আসতে হবে’।
তিনি এসময় কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ‘আইন ও বিধিবিধান অনুযায়ী কাজ করতে হবে তার বাইরে যাওয়া যাবে না। আইনের ভিতর থেকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা এগিয়ে যাব’।
সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী।
মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি, অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্ম সচিব (ব্লু-ইকোনমি) মো: তৌফিকুল আরিফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থাপ্রধান উপস্থিত ছিলেন।
মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দাফতরিক কাজ শুরু করলেন শ ম রেজাউল করিম শিরোনামের সংবাদটির তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো.কামরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে শ ম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শ ম রেজাউল করিম
























