
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বিষা গ্রামে এ ঘটনা ঘটে। রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বিষা গ্রামের জাহিদুল ইসলাম (৩৪) এবং একই গ্রামের আনোয়ার হোসেন (৩৫)।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, সকালে ধান কাটার জন্য বিষা গ্রামের মাঠে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক।
এ সময় পথে একটি পুকুর পাড়ের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























