ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: সব আমদানিকারকদের জন্য কনটেইনার রাখার ভাড়ায় ছাড় দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে পোশাক শিল্পে এ ছাড় দেওয়া হয়েছিল।গতকাল সোমবার শিল্প মালিকদের আহ্বানে  এক আদেশে শুধু তাদের জন্য ছাড় দেয়া হয়েছিল।

তবে এই সুবিধা সবার জন্য নিশ্চিত করতে বন্দরের অনুরোধে নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিলে এখন সবার জন্য ছাড়ের অনুমোদন মিলেছে । সাধারণ ছুটির সময়ে আমদানি হওয়া কনটেইনার আগামী ৪ মে এর মধ্যে খালাস নেয়া হলে এ ছাড় পাওয়া যাবে।

বন্দরের তথ্যমতে, গত ২৬ মার্চ সাধারণ ছুটির পরদিন থেকে বন্দর দিয়ে আমদানি করা সব ধরনের কনটেইনার রাখার ভাড়া মওকুফ করা হয়েছিল। চট্টগ্রাম বন্দর চত্বরে পণ্য রাখার মাশুল (স্টোর রেন্ট) মওকুফ সংক্রান্ত সেই প্রণোদনায় পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে খালাসে এগিয়ে আসেনি ব্যবসায়ীরা । এতে পরিস্থিতি জটিল হতে থাকলে বন্দর কর্তৃপক্ষ দ্রুত প্রণোদনাটি প্রত্যাহার করে নেয়। তখন টনক নড়ে ব্যবসায়ীদের ।

পোশাক খাতের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বন্দর কর্তৃপক্ষ দ্বিতীয় দফা আদেশে পোশাক শিল্প মালিকদের এ সুবিধা দিয়ে নতুন একটি আদেশ জারি করে। কিন্তু অন্যান্য খাতের ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দিলে আগামী ৪ মে পর্যন্ত সব খাতের ব্যবসায়ীদের জন্য সুবিধাটি নিশ্চিত করে আজ ঘোষণা আসে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, পোশাক শিল্প মালিকদের আহ্বানে তাদের জন্য ছাড় দেয়া হয়েছিল। তবে এই সুবিধা যাতে সবাই পান সেজন্য বন্দরের অনুরোধে নৌপরিবহন মন্ত্রণালয়ও বিষয়টি আমলে নিয়ে এখন সবার জন্য ছাড়ের অনুমোদন দিয়েছে।

সূত্র:বণিক বার্তা