
অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বের অন্যতম চাল উৎপাদনকারী দেশ ভিয়েতনামের চাল রফতানি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছে দেশটি। এমনই খবর প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার ও ভিয়েতনাম প্লাস।
দেশটির সরকারি একটি সূত্র এ তথ্য জানিয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। রফতানির পরিমাণ দাঁড়াবে ৬০ লাখ ৭০ হাজার টনে।
তথ্য বলছে, চলতি বছর ৬৩-৬৫ লাখ টন চাল রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ভিয়েতনামের, যা গত বছরের চেয়ে এক-দুই লাখ টন বেশি। এরই মধ্যে দেশটি ৬০ লাখ টনের বেশি চাল রফতানি করেছে। এর অর্থ হলো, বছর শেষে দেশটির রফতানি বর্তমান লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। ভারতের অতিরিক্ত শুল্ক আরোপ ও রফতানিতে নিষেধাজ্ঞার মধ্যে এটি বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:
অর্ধেকে নামতে পারে ভারতের চাল রফতানি
এবার বৈশ্বিকভাবে বাড়ছে ভাঙা চালের দাম
ভারতের কারণে চালের বিকল্প উৎস খুঁজছে আমদানিকারকরা
এদিকে রফতানি বৃদ্ধির পাশাপাশি দাম বেশি থাকায় বাড়ছে রফতানি আয়ও। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়ের পরিমাণ দাঁড়াবে ২৯৪ কোটি ডলারে। চলতি মাসে দেশটির চাল রফতানি সাত লাখ টনে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিশ্ববাজারে চালের দাম বাড়ানোর লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। লক্ষ্য বাস্তবায়নে থাইল্যান্ডের সঙ্গে কাজ করছে দেশটি। প্রান্তিক কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে কয়েক মাসের আলোচনা শেষে দেশ দুটি এ বিষয়ে একমত হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























