রাজধানীর সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁও ডিমের আড়ৎ। ছবি: এগ্রিকেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রোজা ঘনিয়ে এলে নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতির আশঙ্কা তৈরি হয়। তবে ডিমের বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে দাম স্থির রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুত থাকায় আপাতত দামে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ শনিবার রাজধানীর সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁও ডিমের আড়ৎ ঘুরে দেখা গেছে, পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা, হাসের ডিম আকারভেদে ১৪১০ থেকে ১৪২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ও সাদা ডিম ১০৫ টাকা। আর হাসের ডিম প্রতি হালি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তাতে পাইকারি ও খুচরা বাজারে লাল ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৭ টাকা ও ডজনে ২২ টাকা। আর সাদা ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৮ টাকা ও ডজনে সাড়ে ২৪ টাকা।

এ ছাড়া হাসের ডিমে পাইকারি ও খুচরা দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ৬ টাকা, হালিপ্রতি ২৩ টাকা ও ডজনে সাড়ে ৭০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই দামেই ডিম বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও কিছুদিন ডিমের দাম অপরিবর্তিত থাকবে বলে দাবি তাদের।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও পাইকারি ডিমের বাজারের আড়তদার (বিক্রেতা) শাহাদাত হোসেন বলেন, ‘পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ডিমের মজুত এখন অনেক বেশি। চাহিদার তিনগুণ ডিম আছে। এ জন্য ডিমের দাম বাড়ার শঙ্কা নেই।’