নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন লাইসেন্স নেই এমন ব্যবসায়ীদের কাঁচাপাট কেনা-বেচা ও মজুত করা থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে। লাইসেন্স ছাড়া পাট কিনতে পারবেন না ব্যবসায়ীরা।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস্ অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেসি) চেয়ারম্যান তসলিম কানিজ নাহিদা, বিজেএমএ চেয়ারম্যান মো. আবুল হোসেন, বিজেএসএ চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিনসহ দুই অ্যাসোসিয়েশনের নেতা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পড়তে পারেন: ভালো দামে বিক্রি হচ্ছে পাট, খুশি চাষিরা

বৈঠকে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচাপাট বাজারে আসতে শুরু করেছে। এ মৌসুমে কাঁচাপাটের উৎপাদনও সন্তোষজনক। পাট চাষীরা ভালো দাম পাবেন। কোন কারণে যেন কাঁচাপাটের দাম অসহনীয় না হয় সে জন্য সর্বদা বাজার পর্যবেক্ষণ করা হবে।

আরো বলেন, পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুত হতে বিরত রাখা, ভেজাপাট ক্রয়-বিক্রয় রোধ, বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পাট অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

পড়তে পারেন: বর্ষা মৌসুমে পাট নিয়ে বিপাকে চাষীরা

গোলাম দস্তগীর বলেন, পাটখাতে সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ খাতটি অসামান্য অবদান রাখছে। যদিও কালের পরিক্রমায় কৃত্রিম তন্তু (পলিথিন)-এর ব্যবহার বৃদ্ধি পেলেও বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ