
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে করোনামুক্ত মাশরাফি আক্রান্তদের উদ্দেশ্যে যেসব পরামর্শ দিলেন তা পাঠকের কাছে তুলে ধরা হলো।
মঙ্গলবার (১৪ জুলাই, ২০২০) মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য তুলে ধরেছেন। বাংলাদেশের অন্যতম ক্রিকেট লিজেন্ড নিজের ফেসবুক পেজে সবার উদ্দেশ্যে ছালাম দিয়ে লিখেছেন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।
তিনি জানান, আজকে (মঙ্গলবার) রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।
আক্রান্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।
গত জুন মাসের ২০ তারিখে তিনি করোনা ভাইরাসে শনাক্ত হন। ওইদিন তার ফেসবুক পেজেই নিজের শনাক্তের কথা জানান মাশরাফি।
সেদিন তিনি লেখেন, আজকে (২০ জুন) আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
এসময়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কিছু পরামর্শ তুলে ধরেন। বলেন, আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
করোনামুক্ত মাশরাফি, আক্রান্তদের উদ্দেশ্যে যেসব পরামর্শ দিলেন শিরোনামের সংবাদটির তথ্য ও ছবি মাশরাফির ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে।
আরও পড়ুন: চীনা মুরগি ‘সিল্কি চিকেন’সম্পর্কে জানলে অবাক হবেন
























