
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রমজান শুরুর আগেই রাজধানীর বাজারে লেবুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রতি হালিতে ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়ে এখন খুচরা বাজারে মানভেদে ৭০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে লেবু। ইফতারের অন্যতম অনুষঙ্গ এই ফলের দাম এমন বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে লেবু, শসা ও খিরার দাম বেড়ে আকাশছোঁয়া।
পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যে ইতোমধ্যে রোজার প্রভাব পড়তে শুরু করেছে। ফলে রমজানের আগেই বাড়তি খরচের চাপে পড়ছেন ক্রেতারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের।
তবে চিনি, গুড় ও খেজুরের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের ভাষ্য, বেশি প্রচলিত দুটি বাংলা খেজুরের দাম ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে বাকি বেশিরভাগ খেজুরের দাম গত বছরের তুলনায় মানভেদে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কম রয়েছে।
আজ সোমবার রাজধানীর বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কয়েক দিন আগেও যার দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। খুচরা বাজারে শসা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা দরে, যা আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা। এ ছাড়া খিরা প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে লেবুর দাম বেড়েছে কয়েকগুণ। বর্তমানে কারওয়ান বাজারে প্রতি হালি লেবু মানভেদে ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে একই লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। অথচ কিছুদিন আগেও এসব লেবু ৪০ থেকে ৭০ টাকা দরে পাওয়া যেত।























