আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার ২৪.কম: চলতি বছর প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সয়াবিন আমদানিতে চীন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।চীনের রাষ্ট্রায়ত্ত গ্রেইন ট্রেডার সিওএফসিওর জানিয়েছে দেশটির বাজারে কৃষিপণ্যটি আমদানির পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টনের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।খবর রয়টার্স ও সিনহুয়া।

এতে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামে বিদ্যমান ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘমেয়াদে বজায় থাকতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা । কোফকো প্রতিষ্ঠানের অয়েলস অ্যান্ড অয়েলসিড ট্রেডিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ঝোউ জিশুয়াই বলেন, ২০২০ সালে চীনের বাজারে সয়াবিন আমদানির সম্মিলিত পরিমাণ ১০ কোটি টন ছাড়িয়ে যাবে। এর আগে আর কোনো বছর চীনে এত বেশি পরিমাণ সয়াবিন আমদানি হয়নি।

আরও পড়ুন: করোনায় ধস নেমেছে ভিয়েতনামের চাল রফতানি

গত দুই মাসেই (অক্টোবর ও নভেম্বর) চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ১ কোটি ৮২ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।এর মধ্যে অক্টোবরে দেশটিতে মোট ৮৬ লাখ ৯০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৪১ শতাংশ বেশি।

অন্যদিকে গত নভেম্বরে চীনের বাজারে আমদানি হয়েছে ৯৫ লাখ ৯০ হাজার টন সয়াবিন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে চীনে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে ৯ লাখ টন। ২০১৯ সালের নভেম্বরে চীনে ৮২ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল। বছরের ব্যবধানে গত মাসে দেশটিতে অতিরিক্ত ১৩ লাখ ১০ হাজার টন সয়াবিন আমদানি হয়েছে।

আরও পড়ুন: স্থিতিশীল গমের রফতানি মূল্য, কমেছে ভুট্টার

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সয়াবিনের বাজার পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।তাতে বলা হয়েছে, করোনা মহামারীর মধ্যে চলতি বছর চীনে সয়াবিন আমদানিতে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে। বছর শেষে কৃষিপণ্যটির সম্মিলিত আমদানি দাঁড়াতে পারে ৯ কোটি ৬০ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১৩ শতাংশ বেশি। ২০১৯ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৯ কোটি ৪০ লাখ টন সয়াবিন আমদানি হয়েছিল। তবে চীনের ইতিহাসে এখন পর্যন্ত ২০১৭ সালে সবচেয়ে বেশি ৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টন সয়াবিন আমদানি হয়েছিল।

সয়াবিন আমদানিতে চীনের রেকর্ড শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি