
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে থেকে ভারতে গিয়েছে ৫১৬ টন ইলিশ। গত নয়দিনে বেনাপোল বন্দর দিয়ে এসব ইলিশ রফতানি হয়।
বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নয়দিনে ৫১৬ টন ইলিশ রপ্তানি হয়েছে। এরমধ্যে একদিন সরকারি ছুটি ছিল।
তিনি আরো জানান, নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রফতানি হবে মোট দুই হাজার ৯৫০ টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রফতানির এ আদেশ কার্যকর থাকবে।
ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে।
ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রফতানির কারণে বাংলাদেশের মানুষ ন্যায্যমূল্যে ইলিশ খেতে পারছে না এবং এতে দেশের পর্যটন শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে এই লিগ্যাল নোটিশে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) লিগ্যাল নোটিসটি পাঠানো হয়েছে। ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করবেন বলেও নোটিশে জানিয়েছেন এই আইনজীবী।
বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে রফতানি বন্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
পড়তে পারেন: ইলিশে ৩০০ টাকা, বেড়েছে ডিম-মাছের দাম
নোটিশে বলা হয়েছে, ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু বর্তমানে ইলিশ মাছের অত্যাধিক দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এই ইলিশ মাছ কিনার কথা চিন্তাও করতে পারে না। অন্যদিকে দেশের মধ্যবিত্ত জনগণও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি। এছাড়া ইলিশ মাছের মধ্যে সবচেয়ে সুস্বাদু ইলিশ হল পদ্মা নদীর ইলিশ।
বাজারে পদ্মার ইলিশের দাম গড়ে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি এবং বেশিরভাগ ক্ষেত্রে এর চেয়ে বেশি। কিন্তু পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় এবং বাজারে বেশিরভাগ ক্ষেত্রেই পদ্মার ইলিশ পাওয়া যায় না বরং যেসব ইলিশ পাওয়া সেগুলো মূলত অন্যান্য নদীর ও সামুদ্রিক ইলিশ মাছ।
পড়তে পারেন: মায়ের দোয়ায় ধরা পড়লো ৩৫ মণ ইলিশ, পেলেন ১০ লাখ টাকা
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রফতানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরও বৃদ্ধি পেয়েছে। আরও দুঃখজনক বিষয় এই যে, বাংলাদেশের বাজারদরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, ভারতে যে ইলিশ রফতানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ। এমনিতেই পদ্মা নদী থেকে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায়। তাই এই পদ্মার ইলিশগুলো ভারতে রফতানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না।
























