
খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বিশেষ কোন দিন অথবা অতিথি আপ্যায়নে মাটন কষার জুড়ি মেলা ভার।এছাড়া খাবারে ভিন্ন মাত্রার স্বাদ আনতে খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন মজাদার মাটন কষা।
তবে আজ চলুন জেনে নেওয়া যাক যেভাবে খাসির মাংস দিয়ে তৈরি করবেন মজাদার মাটন কষা:
মাংস ম্যারিনেটের জন্য প্রয়োজন: ৫০০ গ্রাম খাসির মাংস, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাশ্মিরি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ শাহী গরম-মসলা, লবণ (পরিমাণ মতো) এবং ১ টেবিল চামচ সরিষার তেল।
আরও পড়ুন: শিখে নিন কাঁকরোলের নতুন রেসিপি
এছাড়া ইচ্ছানুসারে আরও প্রয়াজন সরিষার তেল ৪ টেবিল চামচ, সূর্যমুখী তেল ২ টেবিল চামচ, ১ বড় তেজপাতা, ২-৩ সবুজ এলাচ, ২-৩ দারুচিনি, ২-৩টি লবঙ্গ, ৪-৫ কাটা পেঁয়াজ, আদা-রসুনের পেস্ট ২ চামচ, চিনি , ১টি বড় সাইজের টমেটো, ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মোতাবেক গরম পানি।
পদ্ধতি: প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য একটি বাটি নিন এবার মাংসগুলি পানি দিয়ে ভালোভাবে পরিস্কার করে নিন। এরপর মাংসের মধ্যে তেল, হলুদ গুঁড়ো, কাশ্মিরি লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আদা-রসুন বাটা, শাহী গরম-মসলা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
এবার ফয়েল পেপার দিয়ে ম্যরিনেট করে রাখা মাংসের বাটির মুখটা এঁটে ফ্রিজের মধ্যে ঘণ্টাখানেক রেখে দিতে হবে।সরিষার তেল এবং সূর্যমুখী তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে প্যানে গরম করুন। এতে সামান্য চিনি এবং গরম মসলা দিন। চিনি ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর কাটা পেঁয়াজ এবং লবণ দিয়ে আগুন মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
আরও পড়ুন: যেভাবে বানাবেন মজাদার ডাবের পুডিং
এবার পেঁয়াজগুলো লাল হয়ে এলে তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিন। এরপর কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টমেটো সেদ্ধ হয়ে এলে হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন।
ম্যরিনেট করে রাখা মাংসটি প্যানের মধ্যে দিন এবং গ্যাসটি উচ্চ তাপে রেখে রান্না করুন যতক্ষণ না মাংস গলে যায়। এরপর তাতে কিছুটা গরম পানি দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মাংস থেকে তেল বেরিয়ে এলে আরও ২ কাপ পানি দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। মাংস সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে গরম মসলা দিয়ে নামিয়ে নিন। বাস হয়ে গেল খাসির মাংস দিয়ে তৈরি মাটন কষা।
খাসির মাংস দিয়ে তৈরি করুন মজাদার মাটন কষা শিরোনামে লেখাটির তথ্য দেশ রুপান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























