
হিলি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পেঁয়াজের মণে কমেছে ২০০ টাকা। পাইকারিতে কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি বাড়ায় নিম্নমুখী হয়ে উঠেছে বাজার। দুদিন আগেও বন্দরে যেসব পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ২৭-২৮ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে কমে তা ২২-২৩ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বলেন, দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় মোকামে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় গত সপ্তাহের শেষের দিকে ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে।
সপ্তাহের শুরুতে যে পেঁয়াজ ২২ টাকায় নেমে এসেছিল, তা বাড়তে বাড়তে ২৮ টাকায় উঠে গিয়েছিল। বাড়তি দামের কারণে পেঁয়াজ কিনতে অসুবিধা হচ্ছিল। তবে চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম আবারো কমতে শুরু করেছে। দুদিনের ব্যবধানে পণ্যটির বাজারদর কেজিতে ৫ টাকা কমেছে। ২৭-২৮ টাকার পেঁয়াজ ২২-২৩ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় আমাদের কিনতে ও মোকামে পাঠাতে সুবিধা হচ্ছে।
এগ্রিকেয়ার২৪.কমের আরো নিউজ পড়তে পারেন:
কমেছে পেঁয়াজ ডিম মুরগিসহ ৮ পণ্যের দাম
কমেছে মোটা চালে, বেড়েছে পেঁয়াজ ব্রয়লার মুরগির দাম
পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ফুলকি
পচন রোধে মাঠেই শুকিয়ে নিন পেঁয়াজ
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রেখেছিলেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু হঠাৎ করে বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানীকৃত পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে যায়। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের বাড়তি চাহিদা ঘিরে বন্দর দিয়ে আমদানি কিছুটা বাড়িয়েছেন আমদানিকারকরা। এছাড়া ডলার সংকটের কারণে আগে ব্যাংকগুলো এলসি না দেয়ায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে বিপাকে পড়েছিলেন।
বর্তমানে ব্যাংকগুলো এলসি দেয়া শুরু করেছে। এতে অনেক আমদানিকারক এলসি খুলেছেন। বন্দর দিয়ে আমদানি বেড়েছে। সে সঙ্গে দেশীয় পেঁয়াজের অস্থির বাজারে স্থিতি ফিরতে শুরু করেছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৩৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন গতকাল বিকাল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ২১ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























