নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাইকারি ও খুচরা বাজারে লাল, সাদা ও হাসের ডিমের দামে ভিন্ন ভিন্ন ব্যবধান দেখা যাচ্ছে। লাল ও সাদা ডিমে ডজনপ্রতি পার্থক্য ২০ টাকার বেশি হলেও হাসের ডিমে এই ব্যবধান ৭০ টাকার কাছাকাছি। ফলে বাজারে দামের স্তরভেদ নিয়ে প্রশ্ন উঠছে।

আজ শনিবার রাজধানীর সবচেয়ে বড় ডিমের বাজার তেজগাঁও ডিমের আড়ৎ ঘুরে দেখা গেছে, পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা, হাসের ডিম আকারভেদে ১৪১০ থেকে ১৪২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

অন্যদিকে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ও সাদা ডিম ১০৫ টাকা। আর হাসের ডিম প্রতি হালি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তাতে পাইকারি ও খুচরা বাজারে লাল ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৭ টাকা ও ডজনে ২২ টাকা। আর সাদা ডিমের দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ২ টাকা, হালিপ্রতি ৮ টাকা ও ডজনে সাড়ে ২৪ টাকা।

এ ছাড়া হাসের ডিমে পাইকারি ও খুচরা দামের পার্থক্য হচ্ছে ডিমপ্রতি প্রায় ৬ টাকা, হালিপ্রতি ২৩ টাকা ও ডজনে সাড়ে ৭০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই দামেই ডিম বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও কিছুদিন ডিমের দাম অপরিবর্তিত থাকবে বলে দাবি তাদের।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও পাইকারি ডিমের বাজারের আড়তদার (বিক্রেতা) শাহাদাত হোসেন বলেন, ‘পাইকারি প্রতি ১শ লাল ডিম ৭২০ থেকে ৭৩০ টাকা, সাদা ডিম ৬৫০ থেকে ৬৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ডিমের মজুত এখন অনেক বেশি। চাহিদার তিনগুণ ডিম আছে। এ জন্য ডিমের দাম বাড়ার শঙ্কা নেই।’