
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে মা ইলিশ শিকার করার অপরাধে ৫৩ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।
রোববার (০২ নভেম্বর ২০২০) দিনগত রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম এসব জেলেদের আটক করে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার (১ নভেম্বর) রাত ১২টা থেকে সোমবার (২ নভেম্বর) ভোর পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।
আরও পড়ুন: পদ্মায় ইলিশ ধরায় ১৬ জেলের কারাদণ্ড, মা ইলিশ উদ্ধার
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন।
এ সময় পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ ধরা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটক ৫৩ জেলেকে সাজা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: পদ্মার ইলিশ ধরছে ভারতীয় জেলেরা
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, গত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রবিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৩ জেলেকে আটক করা হয়।
এগ্রিকেয়ার / এমবি
























