সিরাজগঞ্জ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: মাছের আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন মৎস্য ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকার মাছের আড়তে এ বিক্ষোভ করেন তারা।

আজ রোববার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫ শতাধিক পাইকারী মৎস্য ক্রেতা মাছের ঝুরি মাথায় নিয়ে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

আফজাল হোসেন, সিরাজুল ইসলাম, রাশিদুল হক, শাহ আলম নাছির উদ্দিন, আলাউদ্দিন, সাদ্দামসহ একাধিক মৎস্য ব্যবসায়ীরা বলেন, উত্তরাঞ্চলে মৎস্য কেনাবেচার অন্যতম মহিষলুটি আড়তে প্রতিদিন সারাদেশের কমপক্ষে আড়াই হাজার ব্যবসায়ীরা কেনাবেচা করে থাকেন।

তারা জানান, এখানে লেনদেন হয় দেড় থেকে ২ কোটি টাকা। নতুন ইজারাদার এসেই এখানে খাজনা আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজিতে নেমেছে।

স্থানীয় নওগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহিষলুটি মৎস্য আড়তের সভাপতি মিজানুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, গতকাল থেকে নতুন ইজারাদার গফুর মন্ডল এসেই ১৫ টাকার স্থলে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত খাজনা আদায় করছে। এ কারণে আজ সকাল থেকেই মৎস্য ব্যবসায়ীরা বিক্ষোভ করছে।

তবে অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে আড়তের ইজারাদার গফুর মন্ডল এগ্রিকেয়ার২৪.কম কে জানান, পাইকারি মৎস্য ব্যবসায়ীরা ১টি গাড়িতে ১৫ থেকে ২০ ডালি অথবা ১০ থেকে ১৫ ড্রাম মাছ কিনে পরিবহন করে থাকেন। সব মিলিয়ে গাড়ি প্রতি ৫ থেকে ৬শ টাকা খাজনা আদায় করা হয়।

তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) ফজলে আশিক এগ্রিকেয়ার২৪.কম কে জানান, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে মৎস্য ব্যবসায়ীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।