আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণঘাতি করোনাভাইরাস ( কোভিড-১৯) মহামারীর  মধ্যেও চলতি ২০২০-২১ অর্থবছরে চালের বাম্পার উৎপাদনের স্বপ্ন দেখছে ইরান। ২০ মার্চ থেকে দেশটিতে শুরু হয় অর্থবছর।এই মহামারীর মধ্যেও চালের বাম্পার উৎপাদনের প্রত্যাশা করছে দেশটি। খবর তেহরান টাইমস।

আরও পড়ুন: করোনায় ধস নেমেছে ভিয়েতনামের চাল রফতানি

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস বলছে,  ২০১৯-২০ অর্থবছরে ইরানে সাকল্যে ১৯ লাখ ৯৩ হাজার টন চাল উৎপাদন হয়েছে। এর আগের অর্থবছরেও দেশটিতে একই পরিমাণ চাল উৎপাদন হয়েছিল। সেই হিসাবে চলতি অর্থবছরে ইরানে খাদ্যপণ্যটির উৎপাদন বাড়তে পারে ছয় লাখ টনের বেশি। করোনা মহামারীর মধ্যে ইরানের কৃষি খাতে এটা বড় একটি অর্জন।

আরও পড়ুন: কফি রফতানিতে মন্দার মুখে ভিয়েতনাম

ইরানের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন গ্রেইনস অ্যান্ড এসেনশিয়াল গুডস বিভাগের ডিরেক্টর জেনারেল ফারামাক আজিজ-কারিমি জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে ইরানে সব মিলিয়ে ৬ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ বেশি। এর জের ধরে দেশটিতে চাল উৎপাদনও বাড়তির পথে রয়েছে। ২০২০-২১ অর্থবছর শেষে ইরানে সব মিলিয়ে ২৬ লাখ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মহামারীর মধ্যেও চালের বাম্পার উৎপাদনের স্বপ্ন দেখছে ইরান শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি