
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় সাড়ে সাত মেট্রিক টন মা ইলিশ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামের সেন্টু সর্দারের বাড়ি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের এসব মা ইলিশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় ইলিশ ধরায় ৫৩ জেলে আটক, মা ইলিশ উদ্ধার
লৌহজং উপজেলা সহকারী কশিমশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান অভিযান শেষে গতকাল রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে সারি করে সাজানো ৫৯টি ককশিটের বাক্স পাওয়া যায়। বাক্সগুলোতে মা ইলিশ রাখা ছিল, যার ওজন হবে সাড়ে সাত টনের মতো। এর মূল্য প্রায় অর্ধকোটি টাকা। অভিযানের সময় মজুদকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাশেদুজ্জামান আরো জানান, সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশের নদ-নদীতে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরও অসাধু মৌসুমি জেলে ও ব্যবসায়ীরা মা ইলিশ শিকার করছেন।
আরও পড়ুন: পদ্মায় ইলিশ শিকার করায় ১৭ জেলে আটক
তবে আমাদের অভিযান প্রতিদিন নদীতে অব্যাহত রয়েছে। জেল জরিমানা ও করা হচ্ছে। তবে এই অভিযানে যেই মাছ জব্দ করা হয়েছে তা এক মৌসুমী ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ শিকদার, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান তালুকদারসহ সরকারী কর্মকর্তা ও লৌহজং থানা পুলিশ।
এগ্রিকেয়ার / এমবি
























