
মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পুকুরে সার প্রয়োগের কিছু নিয়ম কানুন রয়েছে। পুকুরে সার প্রয়োগ পদ্ধতি জানা থাকলে পুকুরে চুন প্রয়োগের পর কতদিন অপেক্ষা করতে হয়, কিভাবে সার প্রয়োগে শতভাগ কার্যকারিতা পাওয়া যায় এসব বিষয়ে একটা ধারণা জন্মে।
পুকুরের পানিতে সূর্যের আলোর সহায়তায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এক ধরনের উদ্ভিদকণা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। এসব উদ্ভিদকণা প্রাথমিক উৎপাদক হিসেবে পরিচিত। এগুলো রুই জাতীয় মাছের খাদ্য। প্রাণিকণাও এ মাছের প্রিয় খাদ্য। তাই উদ্ভিদ ও প্রাণিকণা প্রাকৃতিক উপায়ে তৈরির জন্য সার প্রয়োগ করতে হয়।
পুকুরে সার ব্যবস্থাপনা: পুকুরের প্রতি শতাংশ হারে সার ব্যবহার করতে হয়। পুকুরে মাটি ও পানির গভীরতা ভেদে সারের মাত্রা কমবেশি হতে পারে। পুরনো পুকুরের তুলনায় নতুন পুকুরে জৈব সারের পরিমাণ বেশি লাগে। চুন প্রয়োগের অন্তত ৫-৭ দিন পর রাসায়নিক সার ব্যবহার করা উচিত। চুন প্রয়োগের পরপরই টিএসপি সার ব্যবহার করা যাবে না। কারণ চুনের সাথে টিএসপি সারের রাসায়নিক বিক্রিয়া ঘটে বলে সারের কার্যকারিতা নষ্ট হয়। টিএসপি সহজে পানিতে গলে না বলে ব্যবহারের ১০-১২ ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়।
আরোও পড়ুন: পানির রং দেখে পুকুরের প্রাকৃতিক খাবারের অবস্থা জানার কৌশল
শুকনা পুকুরে জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হলে পুরো পুকুরে সার ছিটিয়ে লাঙল বা আঁচড়ার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সার দেয়ার পর পরই পুকুরে পানি সরবরাহ দিতে হবে। তা না হলে জৈব সারের গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেনের কার্যকারিতা কমে যায়। পুকুরে পানি থাকলে জৈব ও অজৈব সার পুরো পুকুরে ছিটিয়ে দিয়ে জাল টেনে পানির সাথে সারা পুকুরে ছড়িয়ে নিতে হবে। পুকুরে সার প্রয়োগের আগে সেকি ডিস্কের রিডিং দেখতে হবে। সেকি ডিস্কের রিডিং ৩০ সেন্টিমিটারের বেশি হলে সার প্রয়োগ করতে হবে।
জেনে নিন চুন প্রয়োগ পদ্ধতি:
পুকুরে মাটি ও পানি অম্ল ও দূষণমুক্ত করা, মাছের রোগ জীবাণু ও পরজীবী ধ্বংস করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও পানিতে ক্যালসিয়াম বাড়াতে তথা পুকুরের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য চুন প্রয়োগ আবশ্যক। পুকুরের মাটি ও পানির গুণাগুণের ওপর চুনের সঠিক মাত্রা নির্ভরশীল। সাধারণত পুকুরের তলদেশে শুকনা অবস্থায় পাথুরে চুন গুঁড়া করে শতাংশ প্রতি ১ কেজি হারে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে।
তবে অম্লমান ৪ হলে ১০ কেজি, ৪.৫ হলে ৫ কেজি, ৫.৫ হলে ৩ কেজি, ৬.৫ হলে ২ কেজি প্রতি শতাংশে প্রয়োগ করতে হয়। চুন প্রয়োগের ২-৩ দিন পর পুকুরে পানি সরবরাহ করতে হবে। পানি শুকানো না হলে পানি ভর্তি পুকুরে একই হারে চুন পানিতে গুলে সারা পুকুরে ঢালু পাড়সহ ছিটিয়ে দিতে হবে।
পুকুরে সার প্রয়োগ পদ্ধতি সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























